ক্রিস্টিয়ানো রোনালদোকে ঘিরে একধরনের অস্থিরতাই তৈরি হচ্ছে পর্তুগাল ফুটবলে। খেলোয়াড়দের বোন, প্রেমিকা এবং রোনালদোর সতীর্থদের কিছু মন্তব্য ঘিরে বিতর্ক সৃষ্টি হয়েছে।
শুরুটা বলা যায় রোনালদোর পর্তুগাল–সতীর্থ জোয়াও নেভেসের মন্তব্য থেকে। পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী ফুটবলারও যে বাকি আর দশজন সাধারণ খেলোয়াড়ের মতোই, তা মনে করিয়ে দিয়েছেন এই মিডফিল্ডার। তবে রোনালদো ক্যারিয়ারজুড়ে যা করেছেন, তাঁর প্রতি সম্মানও জানিয়েছেন তিনি।
কিন্তু ‘অন্যদের মতো’ মন্তব্যটা মেনে নিতে পারেননি কিছু রোনালদো–ভক্ত। তাঁরা নেভেসের ওপর ক্ষোভ প্রকাশ করেন। যার একপর্যায়ে ‘রোনালদোবিরোধী’ মন্তব্য করে বসেন নেভেসের প্রেমিকা মাদালেনা আরাগাও।
তাঁর একটি মন্তব্য এখন সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো ভাইরাল। ইনস্টাগ্রামে নেভেসের সঙ্গে তাঁর একটি ছবির মন্তব্যে এক রোনালদো–ভক্ত লেখেন, ‘তোমার প্রেমিককে বলো আমার আইডলকে (রোনালদো) বল পাস দিতে।’ ওই মন্তব্যের উত্তরে মাদালেনা লিখেছেন, ‘তোমার আইডলকে বলো অবসর নিতে, সে খুবই স্বার্থপর।’
এদিকে রোনালদোর বোনের একটি ইনস্টাগ্রামের পোস্ট নিয়েও এখন আলোচনা চলছে। ডিআর কঙ্গোর বিপক্ষে রোনালদো ছিলেন একেবারেই ম্লান, হাতছাড়া করেছেন দুটি সুযোগও। ম্যাচটি ড্র হওয়ার পর থেকে রোনালদোর বিরুদ্ধে সমালোচনার ঝড়ই বয়ে যাচ্ছে।এসবের জবাবেই হয়তো তাঁর বোন লিখেছেন, ‘তারা জাদুমন্ত্রে যেন ভুলেই গেছে, কীভাবে বল কেড়ে নিতে হয়, ডুয়েল জিততে হয় অথবা কাউন্টার অ্যাটাক করতে হয়। মাঝমাঠের খেলা তো কেবল পেছনের দিকেই যাচ্ছিল। এই বিশ্বকাপটা অদ্ভুত, বড্ড অদ্ভুত।’
এর কয়েক ঘণ্টা পর আরেকটি পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায় ব্রুনো ফার্নান্দেসকে কটাক্ষ করা একটি মন্তব্যে রোনালদোর বোন ‘লাইক’ দিয়েছেন।
তাঁর লাইক দেওয়া ওই মন্তব্যে লেখা ছিল, ‘এমন এক সময়ে যখন পর্তুগাল জাতীয় দলের একজন নেতার বড্ড প্রয়োজন, তখন সে ম্যাচের মধ্যেই হারিয়ে যায় ও সমস্ত দায়িত্ব ও চাপ অন্যদের ঘাড়ে চাপিয়ে দেয়।’
0 Comments